বিশ্বকাপের আগে নিজেদের ঘরের মাঠে শেষ প্রস্তুতি ম্যাচে জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুয়েন্স আয়ার্সের লা বোম্বোনেরা স্টেডিয়ামে লিওনেল মেসির গোল ও অ্যাসিস্টে বড় জয় পায় আলবিসেলেস্তেরা। হুলিয়ান আলভারেজ, নিকোলাস ওতামেন্দি ও ভ্যালেন্টিন বার্কোও গোল করে জয়ে অবদান রাখেন।
ঘরের মাঠে সম্ভবত নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। ম্যাচের শুরু থেকেই দাপট দেখানো আর্জেন্টিনা ৪ মিনিটেই আলভারেজের গোলে লিড নেয়, যেখানে অ্যাসিস্ট ছিল মেসির। ৪৩ মিনিটে নিজেই গোল করে স্কোরশিটে নাম তোলেন এলএমটেন। দ্বিতীয়ার্ধে ওতামেন্দি পেনাল্টি থেকে গোল করার পর জাম্বিয়ার আত্মঘাতী গোলে ব্যবধান আরও বাড়ে। যোগ করা সময়ে জাতীয় দলের জার্সি গায়ে প্রথম গোলের দেখা পান তরুণ বার্কো। ৭৬ শতাংশ বল দখলে রেখে জাম্বিয়াকে কোনো সুযোগই দেয়নি স্কালোনির শিষ্যরা। ঘরের মাঠের দর্শকদের সামনে এক স্মরণীয় বিদায় উপহার দিল বিশ্বচ্যাম্পিয়নরা।