আর্লিং হাল্যান্ডের হ্যাটট্রিকে ম্যানচেস্টার সিটি ৪–০ গোলে হারাল লিভারপুলকে। শনিবার এফএ কাপের কোয়ার্টার ফাইনালে সিটির সামনে দাঁড়াতেই পারল না আর্নে স্লটের লিভারপুল। এই বিশ্রী হার মানতে না পেরে লিভারপুল সমর্থকেরা এ দিনই গ্যালারিতে কোচ স্লটকে সরানোর জোরালো দাবি তুললেন। চার দিন পরেই পিএসজির সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ রয়েছে লিভারপুলের। সেই ম্যাচই এখন স্লটের কাছে লাইফলাইন। জিততে পারলে, এই দাবি মুছে যাবে। ১২ মাস আগে এই স্লটের হাত ধরেই ইংলিশ প্রিমিয়ার লিগের খেতাব জিতেছিল লিভারপুল। এ বারে সেই টিমের চরম অধঃপতন। লিগ টেবলে লিভারপুল পাঁচ নম্বরে। এফএ কাপে ছিটকে যেতে হলো।
অন্য দিকে, সিটির কোচ পেপ গুয়ার্দিওলা কিছুটা স্বস্তি পেলেন। চ্যাম্পিয়ন্স লিগে ছিটকে যাওয়ার পরে আর্সেনালের বিরুদ্ধে লিগ কাপ জয়, তার পরে এফএ কাপে লিভারপুলকে উড়িয়ে দেওয়ার সঙ্গে তারা এখনও লিগের খেতাব দৌড়ে টিঁকে আছে।
এ দিন ঘরের মাঠ এতিহাদে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলতে থাকে গুয়ার্দিওলার ছেলেরা। ৩৯ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল নরওয়ের তারকা হাল্যান্ডের। বিরতির ঠিক আগে তিনি তাঁর দ্বিতীয় গোলটা করে ফেলেন। ৫৭ মিনিটে সেরে ফেলেন হ্যাটট্রিক। তার মধ্যে অবশ্য আন্তনিও সেমেনেয়ো টিমের তৃতীয় গোলটা এনে দিয়েছিলেন। শেষ দিকে লিভারপুল ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল। কিন্তু মোহাম্মেদ সালাহর পেনাল্টি রুখে দেন সিটির কিপার জেমস ট্র্যাফোর্ড।
ম্যাচ শেষে স্লট বলেছেন, ‘খুব খারাপ একটা দিন। আমার ছেলেরা কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি।’ গুয়ার্দিওলার মন্তব্য, ‘মনে হয়, খারাপ সময়টা আমরা কাটিয়ে উঠেছি।’