অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেতে যাচ্ছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। বিগ ব্যাশ লিগের গেল আসরে হোবার্ট হ্যারিকেন্সের হয়ে বল হাতে আলো ছড়ানো এই ক্রিকেটার এবার তাসমানিয়ার বর্ষসেরা বিগ ব্যাশ ক্রিকেটারের তালিকায় মনোনয়ন পেয়েছেন। পহেলা এপ্রিল বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঘোষণা করা হবে চূড়ান্ত বিজয়ীর নাম।
বিগ ব্যাশের ২০২৫-২৬ মৌসুমে রিশাদ হোসেনের ঘূর্ণি জাদুতে মুগ্ধ হয়েছিল ক্রিকেট তাসমানিয়া। ১০ ম্যাচে ১৫টি উইকেট শিকার করে তিনি ছিলেন দলের অন্যতম সেরা পারফর্মার। মাত্র ৭.৮২ ইকোনোমিতে বোলিং করা রিশাদের সেরা ফিগার ছিল ২৬ রানে ৩ উইকেট। এমন দাপুটে নৈপুণ্যের কারণে বর্ষসেরা বিগ ব্যাশ ক্রিকেটারের চারজনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। রিশাদের সঙ্গে এই দৌড়ে আছেন হোবার্ট হ্যারিকেন্সের অধিনায়ক নাথান এলিস, অলরাউন্ডার নিখিল চৌধুরী ও ক্রিস জর্ডান। রিশাদের দল চ্যালেঞ্জার ম্যাচ পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়েছিল। এখন দেখার বিষয়, সতীর্থদের পেছনে ফেলে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কারটি রিশাদের হাতে ওঠে কি না