উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রথম সেমিফাইনালে আতলেতিকো মাদ্রিদ ও আর্সেনালের লড়াই ১-১ গোলে ড্র হয়েছে। মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে দুটি গোলই আসে পেনাল্টি থেকে। প্রথমার্ধে ভিক্টর ইয়োকেরেস আর্সেনালকে এগিয়ে নিলেও দ্বিতীয়ার্ধে পেনাল্টিতেই সমতা ফেরান হুলিয়ান আলভারেজ। এই ড্রয়ের ফলে ফাইনালের ভাগ্য এখন ঝুলে আছে লন্ডনের ফিরতি লেগের ওপর।
মাদ্রিদে হাইভোল্টেজ এই ম্যাচে দুই দলই শুরু থেকে রক্ষণাত্মক ফুটবল খেলে। বিরতির ঠিক আগে বক্সে ফাউলের শিকার হন আর্সেনালের সুইডিশ স্ট্রাইকার ইয়োকেরেস, সফল স্পট কিকে দলকে লিড এনে দেন তিনি। বিরতির পর কৌশল বদলে আক্রমণাত্মক হয়ে ওঠে দিয়াগো সিমিওনের শিষ্যরা। মার্কোস ইয়োরেন্তের শট বেন হোয়াইটের হাতে লাগলে পেনাল্টি পায় স্বাগতিকরা। গোল করে আর্জেন্টাইন তারকা আলভারেজ নতুন রেকর্ড গড়েন; তিনি এখন চ্যাম্পিয়নস লিগে দ্রুততম ২৫ গোল করা আর্জেন্টাইন। ম্যাচের শেষ দিকে আর্সেনাল আরেকটি পেনাল্টির আবেদন জানালে ভিএআর তা বাতিল করে দেয়, যা নিয়ে ডাগআউটে ক্ষোভ প্রকাশ করেন মিকেল আরতেতা।