আসন্ন বাংলাদেশ সফরকে সামনে রেখে করাচিতে নিবিড় প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান ক্রিকেট দল। স্পিন না কি পেস—কেমন হবে বাংলাদেশের উইকেট, তা নিয়ে কিছুটা দ্বিধায় থাকলেও দুই ধরনের পরিস্থিতির জন্যই নিজেদের প্রস্তুত রাখছেন শান মাসুদ ও বাবর আজমরা। ১ মে পর্যন্ত এই ক্যাম্প চলবে। ৮ মে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়াতে কাজ করছেন কোচ সরফরাজ আহমেদ।
বাংলাদেশের কন্ডিশন ও আবহাওয়ার সাথে মিল থাকায় করাচিকে প্রস্তুতির ভেন্যু হিসেবে বেছে নিয়েছে পাকিস্তান। দলটির প্রধান কোচ সরফরাজ আহমেদ জানিয়েছেন, বাংলাদেশের রহস্যময় উইকেট নিয়ে স্পষ্ট ধারণা না থাকায় তারা কোনো ঝুঁকি নিতে চান না। ফিল্ডিং অনুশীলনের পাশাপাশি নেট সেশনে দুই ভাগে ভাগ হয়ে পেস ও স্পিন দুই ধরনের উইকেটেই ব্যাটিং-বোলিং ঝালিয়ে নিচ্ছেন ক্রিকেটাররা। বিশেষ করে পিএসএলে দারুণ ছন্দে থাকা বাবর আজম টেস্ট ক্রিকেটেও সেই ফর্ম বজায় রাখবেন বলে আশাবাদী কোচ। ২ মে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে দলটি। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজটি দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।